বিচ্ছেদের পর কান্না পায় কেন জানো?
কারণ, অনেকগুলো খারাপ কারণের জন্য বিচ্ছেদ হলেও,
মনে পড়ে— ভালো স্মৃতিগুলো।
ঠোঁটর কাছে অভিমান আর অভিযোগের থুতু জমলেও,
চোখ বেয়াদপি করে;
চোখের জলের গন্ধে, শুধুই হারিয়ে ফেলার হাহাকার থাকে।
বিচ্ছেদের পর ঘুম থেকে আঁতকে উঠি কেন জানো?
স্বপ্নে যে হাতটি ধরা ছিল, বাস্তবে তা হাতছাড়া হয়েছে বলে।
প্রাক্তন নতুন করে প্রেম করলে হিংসে হয় কেন জানো?
তার বর্তমানকে না-চাইতেই নিজের জায়গা ছেড়ে দিতে হয় বলে,
যা কিছু আমার একার ছিল, সবটা খুইয়ে গেল বলে।
তাকে ভুলে যাওয়ার হাজার হাজার কারণ দিতে পারে মন,
তবে মনে রাখার কারণটাই শুধু মনে করতে পারে মন।
বিচ্ছেদের পর কষ্ট হয় কেন জানো?
কারণ, একটি দিনের জন্য হলেও—
ভালোবাসার মানুষটি সমস্ত কষ্ট ভুলিয়ে রেখেছিল।
বিচ্ছেদের পর দুঃখ হয় কেন জানো?
কারণ, অল্পকালের জন্য হলেও প্রেমে সুখ ছিল।
